Showing posts with label কবিতা / Poetry. Show all posts
Showing posts with label কবিতা / Poetry. Show all posts

Friday, April 5, 2024

অনুভূতি

 অনুভূতি 

-----------------
সত্যি বলা ছেড়েছো তো
অনেক বছর আগে
মিথ্যেও যে শিল্প হয়
শিখেছি তোমার কাছে।
সকাল বিকেল বলতে যখন
তোমায় ভালোবাসি
তখন কি আর বুঝতাম
সে সবই ছলচাতুরি!
কত কথা, প্রতিশ্রুতি...
ভাবি আর হাসি
মানুষও এত ভণ্ড হয়
আর এত মেকি!
নেশা তোমার অন্য কিছুর
মানতো না তবু মন
অজুহাতেই কাটাতে পারে
কেউ তার সারা জীবন!
দেখা হলো তো অনেক কিছুই
প্রতারণা, বোলচালে
আরো কি কিছু শেখার আছে
ঠেকে এবং ঠকে?
দেখলে খেলা, বুঝলে নাচা
ঢোকেনি কিছু মগজে?
বিশ্বাস করে ঠকা ভালো
"সত্যরে লও সহজে"।
সুমন সিনহা
২০/০৩/২০২৩

Tuesday, April 20, 2021

একাকীত্ব

একাকীত্ব

সময়ের ভারে অসীম একাকীত্ব
অবাধ্য অনুভূতিগুলো বোঝে না।
ভালোবাসার মানুষজন দূরে চলে যায়
আমি বসে বসে দেখি।
একাকীত্বরও কি সীমানা আছে
অন্ধকারের মত?
বা মোহনা আছে? 
সীমানা পেরোবার চেষ্টা করি
মোহনার কাছে যাওয়ার চেষ্টা করি। 
কাছাকাছি এসে দেখি
আমারই ভ্রম
সেখানেও ভালোবাসা নেই
আছে কপটতা, আছে অজুহাত 
আছে মনভোলানো বাক্যালাপ। 

আমি আবার একা একা ফিরে আসি...

সুমন সিনহা
০২.০২.২০২১

সুখ

 সুখ

উৎখাত, তুমি উৎখাত
তোমার নিজের ঘরের থেকে
উৎপাত, বড় উৎপাত
তুমি বলবে ডেকে কাকে?

শোনবার লোক নেই
তুমি বড্ড একা আজ
সন্ধ্যে নামার পরেও
থামতে চায় না কাজ।

আড্ডা দেওয়ার নেশা
সে তো কবেই গেছে চুকে
নীরবতাই ভাষা
যদি বাঁচতে যে চাও সুখে! 

সুখের মানে তোমার কাছে
হয়তো শুধুই পেশা
সুখের মানে কারোর কাছে
প্রতিবাদের ভাষা।

প্রতিবাদের নানান ধরন 
নানান মতবাদ
ভালো থাকার জন্য 
আজ মৌনতাই থাক। 

জবাব দেবে আগামীকাল 
কে ভুল, কে ঠিক 
সবুর করো আর ক'টা দিন 
দেখব তোমার জিত।

সুমন সিনহা
১৬/১২/২০২০

খেয়াল

খেয়াল

দুপুর বেলায় হঠাৎ খেয়াল হলো
ঘুরে আসি সব পুরোনো অলি গলি
অবক্ষয়ের পঁচিশ বছর পর
কেমন আছে ফেলে আসা দিন গুলি।

রোজ বিকেলে আড্ডা দেওয়ার নেশা
ছুটে যেতাম তোদের বাড়ির ছাদে
কখনো সেই কোণের ঘর টা তে
সময় যেতো নিজের মনে বয়ে।

ঘড়ি দেখার ছিল না কোনো বালাই 
রেশারেশির ছিল না কোনো লড়াই
লাভ ক্ষতি তে ছিল না যে বিশ্বাস 
শুধু তুই আর আমি, আর ওই ছাদ। 

না ছিল ফোন, না কিছু ভেবে 
দিতিস উঁকি আমার ঘরে
বলতিস তুই এক গাল হেসে
চল ঘুরে আসি গঙ্গার ধারে।

দুটো সাইকেল পাশাপাশি চলে
উৎসাহী লোক চোখাচোখি করে 
আমরা দুজন নির্বিকার 
চষে ফেলি সব রাস্তা ঘাট। 

ছিল না কোনো হিসেবনিকেশ 
ছিল না কোনো বিধিনিষেধ 
চেনা গন্ডির মধ্যে থাকা, ছিল স্বতঃসিদ্ধ 
কাঁচা বয়সের দুটি কচি মন, শুধু অপাপবিদ্ধ।

সুমন সিনহা 
২৫/০৭/২০২০

Monday, April 19, 2021

খোঁজ

 খোঁজ

এই শহরে আমি একটা ঘর খুঁজছি
যে ঘরে বসে স্মৃতিদের সাথে আমি আড্ডা মারবো। 

গ্রীষ্মকালের রাতে ছাদের ওপর থেকে 
আমি তারা গুনবো 
বর্ষাকালের দুপুরে ব্যলকনিতে দাঁড়িয়ে 
আমি বৃষ্টির সাথে কথা বলবো 
শীতের সকালে বাগানে লাগানো চন্দ্রমল্লিকার পাতায় আমি শিশিরের স্নিগ্ধতা দেখবো
আর সন্ধ্যাবেলায় ড্রয়িংরুমে বসে 
আমি কফির উষ্ণতা নেব 
বসন্তকালে কোকিলের ডাক শুনে 
আমি আনমনা হবো
শরৎকালে মেঘ রৌদ্রের লুকোচুরি খেলা দেখতে দেখতে আমি উৎসব করব 
হেমন্তে নিঃশব্দে ঝরে যাওয়া পাতা দেখে 
সেই ঘরে বসে আমি বিষন্ন হবো 

সারাদিনের ক্লান্তির পরে যখন 
'আকাশও তারাদের  নিভিয়ে ঘুমিয়ে পড়বে' 
তখন সেই ঘরে আমি স্মৃতিদের সাথে শুয়ে থাকবো 

এই শহরে আমি একটা ঘর খুঁজছি 
এই শহরে আমার একটা ঠিকানা আছে।

সুমন সিনহা
২১/০৭/২০১৯

উপলব্ধি

 উপলব্ধি

বিছানায় শুয়ে শুয়ে সারাদিন
অসীম চিন্তা ভাবনার অবকাশ
পুরোনো নানান কথা, প্রতিশ্রুতি
মনের মধ্যে প্রতিনিয়ত উঁকি দিয়ে যায়
ভাবি চারপাশের মানুষজন এত উদ্বায়ী !! 
নিজের লোকও মাঝে মাঝেই এত
অচেনা, অপরিচিত !!
চলভাষে ক্রমাগত আওয়াজ 
বয়ে আনে সমব্যাথী বার্তা 
সমবেদনা কি খুব জরুরী ? 
নাকি না চিনতে পারাকে, না জানতে পারাকে 
আরো স্পষ্ট করে বুঝিয়ে দেয় !! 
গগনবিহারী চিল হতে পারিনি 
তাই উড়তে পারিনি উঁচু আকাশে 
দশ ফুট বাই দশ ফুটে বন্দি যে 
তার কাছে প্রেমিকা আসে না... 
বন্দি অবস্থায় শুধু প্রতিশ্রুতিরাই মনে ভিড় করে 
ছাপোষা মধ্যবিত্ত কখনো প্রেমিক হতে পারে না... 
সে হয়তো সীমাবদ্ধতার বাইরে বেরোনোর 
স্বপ্ন দেখে, শুধুই স্বপ্ন দেখে... 

সুমন সিনহা  
২৮/০৪/২০১৯

Sunday, April 18, 2021

সময়

 সময়

উন্মুক্ত বুকে আবাহন করা হল না
গ্রীষ্মের সন্ধ্যে বেলায় একসাথে গঙ্গার হাওয়া খাওয়া হল না 
শীতের শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে একসাথে হাঁটা হল না 
জানালা দিয়ে একসাথে বর্ষার রোমান্টিসিজম্ দেখা হল না 
বসন্তে একসাথে রঙীন হওয়া হল না 
আঙুল দিয়ে চুলে বিলি কাটানো হল না
শাড়ির আঁচল দিয়ে কপাল এর ঘাম মোছানো হল না 
একসাথে বসে খরচের হিসেব লেখা হল না 
ঘামের গন্ধ নিয়ে একসাথে কিছু গড়া হল না
বুকের ওপর মাথা রেখে আরাম করা হল না
নগ্ন আলিঙ্গনে আদিম হওয়া হল না... 

সময়ের অগোচরে একদিন পুরোনো হয়ে গেলাম
নিষ্ঠুরতার নিস্তব্ধ সাক্ষী রইলো একমাত্র সময়। 

 
সুমন সিনহা 
১৮/০৩/২০১৯

জীবনানন্দ দাশ

আজ "নির্জনতম কবি"র মৃত্যুদিন। বিবরবাসী এই মানুষটির সোচ্চার স্বপ্ন ছিলো "কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে"। ভীষন ক্লা...